দশম শ্রেণীতে পড়–য়া নাজমুল খান স্বপ্ন দেখে দেশের সেরা সাইকেল স্টান্ট হওয়ার। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সে। এরই মধ্যে নাজমুল রপ্ত করে ফেলেছে বেশ কয়েকটি সাইকেল স্টান্ট, যা দেখে সবাই মুগ্ধ। উপজেলার সেরা সাইকেল স্টান্ট এখন নাজমুল। অষ্টম শ্রেণীতে পড়াকালীন ইউটিউবে আকিব আহমেদের সাইকেল স্টান্টের ওপর একটি ভিডিও দেখে সে উদ্বুদ্ধ হয়। সেখান থেকে মূলত অনুপ্রাণিত হয়ে নাম লেখান সাইকেল স্টান্টের মতো চ্যালেঞ্জিং পেশায়।
ঢাকার নবাবগঞ্জ উপজেলার ওলাইল গ্রামের সালাউদ্দিন খানের ছেলে নাজমুল খান। এক ভাই এক বোনের মধ্যে ছোট নাজমুল। পড়াশুনার পাশাপাশি নিয়মিত সাইকেল স্টান্ট করে রীতিমতো তাক লাগিয়ে দেয় সে উপস্থিত সবাইকে।
এ বিষযে নাজমুল জানায়, বর্তমান প্রজন্মের কিশোররা মোবাইল ফোনে আসক্ত। পাশাপাশি মাদকের ভয়াবহ ছোবল তো রয়েছেই। সব মিলিয়ে ভালো কিছু করার চিন্তা থেকে আমি সাইকেল স্টান্ট বেছে নিয়েছি। আমি আমার মাকে কথা দিয়েছি একদিন দেশসেরা সাইকেল স্টান্ট হবো আমি। এজন্য সবার কাছে দোয়া কামনা করছি।



