মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে যেনো ড্রেজার আসতে না পারে সে বিষয়ে স্থানীয় জেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন অন্তর্র্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, মাঠপর্যায়ে কাজ করতে এলেই ড্রেজারগুলো উধাও হয়ে যায়। আবার ফিরে আসে। এখানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বলতে কিছু শব্দ আছে। তিনি প্রশ্ন করেন, প্রশাসনের তাহলে কাজটা কি? ড্রেজার দিয়ে আড়িয়াল বিলে কারা মাটি ভরাট করছে? এ বিষয়টি পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন জানে না, এটা হতে পারে না।
এ সময় তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে বলেন, আড়িয়াল বিল আমাদের জাতীয় সম্পদ। ড্রেজার যেনো আড়িয়াল বিলে আর না আসে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং নিয়মিত তদারকি করবেন। এছাড়া ২০ দিন অন্তর অন্তর রিপোর্ট জমা দেয়ারও নির্দেশনা দেন তিনি। গত সোমবার দুপুরে তিনি মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে এ নির্দেশনা দেয়া হয়।
এ সময় তিনি বলেন, পলি পড়ে পদ্মার প্রবাহ কমে গিয়ে এই অঞ্চলের খালগুলো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু যখন খালখননের কথা বলব, তখনই আপনারা হাজার কোটি টাকার প্রকল্প দেবেন। হাজার কোটি টাকা এই মুহূর্তে আমাদের হাতে নেই। আমরা দিতে পারছি না। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে খাল খননের উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তিনি।

আড়িয়াল বিলে কোনো আবাসন কিংবা শিল্পপ্রতিষ্ঠান হবে না বলেও জানান তিনি। এছাড়া ব্রিফিংয়ে প্রশাসনের অনুমোদনহীন ও পরিবেশ ছাড়পত্রবিহীন ইটভাটাগুলো ভেঙে দেয়ার নির্দেশ দেন জেলা প্রশাসককে।
আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে অন্তর্র্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন এসেছে আমরা চাই সারা বাংলাদেশে তা ছড়িয়ে দিতে। অন্যের জায়গা জমি যাতে কেউ দখলে নিতে না পারে, মাটি ভরাট করতে না পারে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে এসব জোর জুলুম প্রতিহত করতে হবে। শ্রীনগর থেকে সফলতার উদাহরণ যেন সারা দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই উদাহরণ এখান থেকেই শুরু করতে হবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিরুল হক ভূঁইয়া, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আবু জাফর রিপন ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এ সময় উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নৌকায় করে আড়িয়াল বিল পরিদর্শনে যান।