খাগড়াছড়িতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল। গত মঙ্গলবার খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্র্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সাথে তিনি মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীরা জেলার সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, মাদক চোরাচালান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, তথ্য প্রাপ্তিতে পুলিশের সহযোগিতামূলক আচরণসহ, পুলিশের সাথে সংবাদকর্মীদের সম্পর্ক বৃদ্ধির বিষয় তুলে ধরেন।
এ সময় পুলিশ কর্তৃক দ্রুত তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ, সার্বিক বিষয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহন করবে বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বাস দেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল ইসলাম তফিক, জসীম উদ্দিন, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সিনিয়র সহসভাপতি জহুরুল আলম, সহসভাপতি এইচ এম প্রফুল্ল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দিন মজুমদার প্রমুখ।



