মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে খাঁচায় বন্দী থাকা একটি বানর ও একটি ময়না পাখি উদ্ধার করেছে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। গত বৃহস্পতিবার বিকেলে কমলগঞ্জ পৌরসভার করিমপুর এলাকার মকছদ মিয়ার বাড়ি থেকে প্রাণী দু’টিকে উদ্ধার করা হয়।
স্থানীয় গণমাধ্যম কর্মী সালাহউদ্দিন শুভ ও স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক সোহেল শ্যাম জানান, কমলগঞ্জ পৌর এলাকার দু’টি বাড়িতে ওই দু’টি বন্যপ্রাণী খাঁচায় বন্দী করে পালন করছিল দু’টি পরিকার। এমন সংবাদের ভিত্তিতে লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলামের নেতৃত্বে ওই এলাকার বাড়িগুলোতে অভিযান চালিয়ে বানর ও ময়না উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। ময়না ও বানর উদ্ধার করে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক সোহেল শ্যাম, আনসার ভিডিপি সদস্য আশরাফুল আলম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম ও সুব্রত সরকার।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া বানর ও পাখিটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আশা হয়েছে। শুক্রবার (গতকাল) লাউয়াছড়া বনে বানর ও পাখিটিকে অবমুক্ত করা হবে।



