মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর বাজারে অবস্থিত এক বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে বোমা, কাফনের কাপড় এবং হুমকিসম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গোপালনগর গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানের (মুদী দোকান) সামনে বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় লাল টেপ দিয়ে মোড়ানো দু’টি বোমাসদৃশ্য বস্তু, এক টুকরা কাফনের সাদা কাপড় ও রবিউল ইসলামকে হত্যার হুমকি সম্বলিত একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে স্থানীয় লোকজন এগুলো দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। সাদা কাগজের চিরকুটে হাতে লেখা রয়েছে- ‘রবিল, মরার জন্য তৌরি হ। বোমা ও কাপন পাঠালাম।’ লেখার নিচে তিনটি দাগের মধ্যে লেখা রয়েছে ‘লাল, লাল’।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, বোমা আকারের বস্তু, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করা হয়েছে। কে বা কারা এগুলো রেখে গেছে তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে।



