কাপ্তাই লেকে পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় আবারো ১৬টি স্পিল ওয়ের খুলে দেয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা জানায়, গত ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় রাঙামাটির কাপ্তাই কর্নফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দেয়া পর গত কয়েক দিনের ক্রমাগত বৃষ্টিতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বাড়ায় ফের খুলে দেয়া হয়েছে।
কাপ্তাই কর্নফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, গতকাল শনিবার সন্ধ্যা ৬টা হতে কাপ্তাই কর্নফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্নফুলী নদীতে গিয়ে আছড়ে পড়ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির লেভেল ১০৮.৫৫ ফুট মীনস সি লেভেল।