চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা ইউছুফ চৌধুরীকে হত্যার চেষ্টা কালে তৌহিদুল ইসলাম মামুন (৪৫) নামে এক যুবককে দেশীয় তৈরি একটি বন্দুক ও চার রাউন্ড তাজা কার্তুজসহ আটক করেছে স্থানীয় জনতা। সে রাজানগর ইউনিয়নের বগাবিলি এলাকার আইয়ুব আলী খানের ছেলে। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় রানীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাট বাজারের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান চলাকালে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে হত্যার চেষ্টা করে একদল দুর্বৃত্ত। বিয়ে স্থানীয় জনসাধারণ সন্ত্রাসীদের ধাওয়া দেয়। অন্যরা পালিয়ে গেলেও আলোচিত ইউসুফ হত্যা মামলার অন্যতম আসামি মামুনকে অস্ত্রসহ আটক করা হয়। পরে পুলিশ, র্যাব ও যৌথবাহিনী সদস্যদের কাছে সন্ত্রাসীকে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা হয়েছে।



