কক্সবাজার সমুদ্রসৈকতে এক তরুণীকে কান ধরে উঠবস এবং আরো কয়েকজনকে মারধরসহ হেনেস্তা ও হয়রানির ঘটনায় জড়িত ফারুকুল ইসলাম নামে এক যুবককে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল থেকে সুগন্ধ্যা পয়েন্ট এলাকায় হয়রানির শিকার হন ওই নারী এবং হিজড়ারা। এ ঘটনার বেশকিছু ভিডিও ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও দেখে জড়িত ফারুকুলকে শনাক্ত করে পুলিশ। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান, বুধবার শিক্ষার্থীদের ৫০-৬০ জনের একটি দল সন্দেহভাজন কিছু নারী ও হিজড়াদের বিচ থেকে চলে যেতে অনুরোধ করে। বেশির ভাগ চলে গেলেও কয়েকজন যেতে অসম্মতি জানায়। পরে তাদের মধ্যে একজনকে কান ধরে উঠবস করানো হয়।
অভিযোগ পাওয়া গেছে, হিজড়ারা সব সময় বিচে পর্যটকদের বিভিন্নভাবে হয়রানি ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করত। তবে এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করেনি নির্যাতিতরা।



