বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাভারের প্রথম শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন হত্যার আসামি এএসআই (স.) মোহাম্মদ আলীকে (৩১) গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) সকালে তাকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুরাপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
মোহাম্মদ আলী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি বিডি কেস মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, অপারেশন) মো: হেলাল উদ্দিন নয়া দিগন্তকে জানান, আসামিকে কো-অর্ডিনেটর, তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএসআই (স.) মোহাম্মদ আলী (৩১), বিপি-৯৪১৩১৭০৮৪৬, কিশোরগঞ্জ সদরের কালাইহাতি গ্রামের মরহুম মুনসুর আলী ও নাজমা আক্তার দম্পতির ছেলে।
উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই আন্দোলনে সাভারসহ দেশ যখন উত্তাল, ঠিক ওই সময় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় দুপুর দেড়টার সময় শাইখ আসহাবুল ইয়ামিন জোহরের নামাজ জামায়াতে আদায় করতে গেলে তখন পুলিশ তার পাজরের বাম পাশে খুব কাছ থেকে গুলি করলে সে গুরুতর আহত হয়।
ওই সময় মুমূর্ষু অবস্থায় পুলিশের সাঁজোয়া যানে করে ঘোরানো হয় তাকে। একপর্যায়ে মৃত ভেবে টেনেহিঁচড়ে তাকে ফেলে দেয়া হয় সাঁজোয়া যান থেকে। সেই দৃশ্য ভাইরাল হয় নেট দুনিয়ায়। এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা।
ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।






