মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মো: রাকিব (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে নদী থেকে নিখোঁজের ১৯ ঘণ্টা পর লাশটি উদ্ধার করা হয়।
মৃত রাকিব মাদারীপুরের শিবচর উপজেলার চর বাচামারা খলিফাকান্দি গ্রামের সৌদি প্রবাসী শাহাদত মাতব্বরের ছেলে।
ফায়ার সার্ভিসের মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে তিন বন্ধু ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এ সময় দু’জন সাঁতরে তীরে উঠতে পারলেও অপর এক কিশোর নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সকাল ৯টার দিকে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর নদী থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।






