জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আল্লাহর দাসত্ব ও রাসূলের (সা.) আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। পাড়ায়-মহল্লায় গিয়ে সকলের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে আসতে হবে। ইহজগতের মোহে পরকালকে ভুলে যাওয়ার সুযোগ নেই। কারণ মুমিনের কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়।
শনিবার (৪ জুলাই) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন।
তিনি আরো বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে বেঈমানী করেছে। তারা পতিত ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে। দেশে আর ফ্যাসিবাদ কায়েম হতে দেয়া হবে না। জামায়াতে ইসলামী বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ চালিয়ে যাবে, ইনশাআল্লাহ।
গোয়াইনঘাট উপজেলা আমির মাস্টার আবুল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ইমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ ও জেলা পেশাজীবী বিভাগের সহ-সভাপতি ডা: মো: জাকারিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— গোয়াইনঘাট উপজেলা নায়েবে আমির ডা: আব্দুন নূর, মাওলানা ফয়েজ আহমদ, উপজেলা জামায়াত নেতা মাস্টার মনজুর আহমদ ও আব্দুর রহমান প্রমুখ।






