বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিয়ানীবাজারে চলন্ত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই তরুণের নাম মো. সায়েম আহমদ (২২)। বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামে তার বাড়ি।
স্থানীয়রা জানায়, সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় চলন্ত ট্রাকের সাথে মুখোমুখিভাবে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই সায়েম আহমদ নিহত হন।
বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফউজ্জামান বলেন, দুর্ঘটনায় নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওমেকে পাঠানো হয়েছে।



