জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন একটি ভবনের ১০তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত নির্মাণ শ্রমিকের নাম মো: ইব্রাহিম (৫৫) ঠিকাদারি প্রতিষ্ঠান এনকেটি-এনএইচই (জেবি)-এর একজন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
মৃত ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রেলবাজার এলাকার বাসিন্দা।
জানা গেছে, দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন ১০তলা ভবনে কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে গুরুতর আহত হন মো: ইব্রাহিম। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, শ্রমিকদের জন্য যথাযথ নিরাপত্তা সরঞ্জাম না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকেরা কয়েক দফায় নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের দাবি জানালেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, 'মৃত্যুর খবরটি শুনে আমি মর্মাহত। দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিক এমকেটি এনএইচই কোম্পানিতে কাজ করত।'
তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, 'নিয়ম কী আছে সেটা দেখতে হবে। সেই সাথে চুক্তি আছে কিনা বা চুক্তিতে কী বলা আছে সেগুলোও দেখে ব্যবস্থা নেয়া হবে।'
উল্লেখ্য, এ বিষয়ে সংশ্লিষ্ট ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



