ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের শুভুল্যায় ২০ লাখ টাকার ৬০ ড্রাম পামওয়েলসহ ট্রাক ডাকাতি হয়েছে।

শুক্রবার (৩০ মে) ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

চালকের সহকারি টিটু বলেন, ‘বৃহস্পতিবার সকালে ৬০ ড্রাম পামওয়েল নিয়ে চট্রগ্রাম থেকে (ঢাকা মেট্রো ট- ২৪-৪৮২৯) ট্রাকযোগে বগুড়ার দুপচাঁচিয়াতে যাওয়ার উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর পৌঁছলে পিছন দিক থেকে একটি নীল রংয়ের পিকআপ তাদের গাড়িকে ব্যারিকেড দেয়। ওই পিকআপে থাকা ৮-১০ লোক দ্রুত এসে তাকে ও ড্রাইভারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-চোখ বেঁধে ফেলে তাদের পিকআপে তুলে নিয়ে যায়। তাদেরকে জিম্মি করার সময় ডাকাতরা তাদেরকে প্রচন্ড মারপিট করে। এতে তারা শারীরিকভাবে কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়েন। এর কিছুক্ষণ পর তাদেরকে মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাসির গ্লাসের সামনে ফেলে পামওয়েল ভর্তি ট্রাকটি নিয়ে চলে যায়।

ট্রাকের মালিক সনি বলেন, ‘চট্রগ্রামের মিল্লাত ট্রান্সপোর্ট থেকে ২০ লাখ টাকার ৬০ ড্রাম সয়াবিন তেল নিয়ে দুপচাঁচিয়া আসার পথে মির্জাপুর বাইপাস এলাকা থেকে তেলসহ ট্রাক ছিনতাই হয়েছে।’

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’