রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের মঞ্চে গান পরিবেশন করেছেন আওয়ামী লীগের কট্টর সমর্থক হিসেবে পরিচিত কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষার। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন বিএনপি নেতাকর্মীরা।

রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনের মঞ্চে গান পরিবেশন করতে দেখা গেছে গৌরবকে।

গৌরব হোসেন তুষার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি। তার স্ত্রী সেতু পলকের ফুফাতো বোন বলে জানা গেছে।

গৌরবের সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে দেখা যায়, পলকের সাথে তিনি বহুবার ছবি পোস্ট করেছেন। ২০১৮ সালের ১৫ ডিসেম্বর একটি ছবিতে তিনি নিজের ছবির সাথে লিখেছেন, ‘নৌকা মার্কায় ভোট দিন’, সাথে যুক্ত করেছেন আওয়ামী লীগের মনোগ্রাম। ২০১৯ সালের ৬ জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলকের একটি ছবি পোস্ট করেন এবং শুভেচ্ছা জানান। এছাড়া পলক বিভিন্ন সময়ে গৌরবের মিউজিক ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে তাকে প্রশংসা করেন।

গৌরব এক সময় পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামকে ‘প্রগতিশীল পুলিশ কর্মকর্তা’ উল্লেখ করে তার জন্মদিনে শুভেচ্ছাও জানান।

সূত্র জানায়, পলক প্রতিমন্ত্রী থাকাকালীন গৌরবকে ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ চাকরির ব্যবস্থা করে দেন।

বিএনপি নেতারা জানান, শুধু গৌরব নন, তার পুরো পরিবার দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সক্রিয় সমর্থক। তিনি আওয়ামী লীগের নানা প্রচারণা কর্মসূচির মঞ্চে গানও গেয়েছেন।

সম্মেলনে উপস্থিত নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের (জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা) শিল্পীদের দিয়েই গান পরিবেশন করানো উচিত ছিল। অথচ জাসাসকে আমন্ত্রণ না জানিয়ে বহিরাগত ও রাজনৈতিকভাবে বিপরীতমুখী শিল্পীকে জায়গা দেয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, গৌরবকে গান গাওয়ার জন্য মনোনয়ন দেন রাজশাহীতে থাকা বিএনপির এক কেন্দ্রীয় নেতা। এ ঘটনার পর রাজশাহী বিএনপির নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন—কীভাবে একজন আওয়ামী সমর্থক শিল্পী দ্বিবার্ষিক সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক আয়োজনের অংশ হতে পারেন? এ নিয়ে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করেন অনেকে।