বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ‘গত ১৬ বছরে দেশে শত শত মানুষ গুম হয়েছে। তাদেরকে আমরা ফেরত চাই। এই গুমের শিকার পরিবারগুলোর দিকে এখন তাকানো যায় না। এই স্বজনদের মুখে হাসি ফোটাতে চাই।’

মঙ্গলবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাকবাংলো মাঠে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান বলেন, ‘আজকের দিন একটি ঐতিহাসিক দিন। ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। এই দিনে ফ্যাস্টিস শেখ হাসিনা পালানোর মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু এখনো যুদ্ধ শেষ হয়নি।’

তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশ নিয়ে আবারো কোনো ষড়যন্ত্র বা স্বৈরাচারী শাসনের উৎপত্তি হলে সবাইকে তাৎক্ষণিকভাবে রুখে দাঁড়াতে হবে।’

আন্দোলনে শহীদদের কথা স্মরণ করে আনিসুর রহমান বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে হতাহতের পরিবারের দায়িত্ব তারেক রহমানকেই নিতে হবে। কারণ তারেক রহমানই জানেন বাবাহারা যন্ত্রণা। চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় তারেক রহমানের বাবা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। এ জন্যই জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তাদের অভিভাবক হিসেবে আমরা তারেক রহমানকে দেখতে চাই। তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং শহীদ পরিবারদের দায়িত্ব নিবেন।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘আগামী দিনে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে। মানুষের পাশে থাকলে, জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের হাল ধরবেন। তখন আর দেশে কোনো সঙ্কট থাকবে না।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুনশি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, মাদারীপুর জেলা যুবদলের সভাপতি ফারুক ব্যাপারী, কালকিনি উপজেলা ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম প্রমুখ।