কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার বেপারীপাড়া এলাকার সলিম শেখের মাজারের পিছনে একটি ভুট্টা ক্ষেত থেকে এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় লাশটি উদ্ধার করে পুলিশ।
রিকশাচালক ইয়াসিন পৌরসভার চরপাড়া গ্রামের সারজুল মিয়ার ছেলে। লাশের আশপাশে ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জাম পাওয়া যায়।
তাকে হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর ধারণা করা যাবে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হন ইয়াসিন। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। রোববার রাতে বেপারীপাড়া মোড়ে তার রিকশাটি ছিল বলে জানিয়েছে টহলরত পুলিশ।
সোমবার দুপুরে সলিম শেখের মাজারের পেছনে বেপারী পাড়া ও নয়াপাড়া গ্রামের মাঝামাঝি দিনার বাড়ির বন্দে একটি ভুট্টা খেতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেয়া হয়।
করিমগঞ্জ থানার পুলিশ সদস্যরা সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা লাশটি ইয়াসিনের বলে শনাক্ত করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু।’






