জামালপুরের দেওয়ানগঞ্জে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে নজরুল ইসলাম (৪০) নামে এক কাঠুরের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) উপজেলার কাউনিয়ারচর পশ্চিমপাড়া গ্রামে ঘটনা ঘটে।
নজরুল উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মকির চর গ্রামের নুরু মিয়ার ছেলে বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম পেশায় একজন কাঠুরে। প্রতিদিনের মতো শনিবার সকালে কাউনিয়ারচর পশ্চিমপাড়া গ্রামে গাছ কাটতে যান তিনি। গাছ কাটার একপর্যায়ে একটি গাছ এসে তার উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ফিরে এলে বিস্তারিত জানা যাবে। নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অন্যথায় পুলিশের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হবে।’



