বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুর বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মো: ইফতেখারুল ইসলাম। ঢাকার নিউমার্কেট এলাকায় তার বাড়ি। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, এক বন্ধুর সাথে মোটরসাইকেলযোগে বিনোদপুর বাজারে যাচ্ছিলেন ইফতেখারুল। এ সময় একটি অটোরিকশা হঠাৎ ইউটার্ন নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে (ব্রেক ফেল) তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ইফতেখারুলকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিনোদপুর গেটের দিকে মোটরসাইকেলে আসছিলেন ইফতেখারুল ও তার বন্ধু। ঠিক তখনই অটোরিকশাটি হুট করে উল্টা দিকে ঘুরিয়ে নেয়, এ কারণে এই দুর্ঘটনা ঘটে।
রাবির ইংরেজি বিভাগের সভাপতি ড. মো: মনিমুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলে থাকা দু’জনই ইংরেজি বিভাগের শিক্ষার্থী। বিনোদপুর কাঁচাবাজারের দিক থেকে একটি অটোরিকশা ইউটার্ন নেয়ার সময় হঠাৎ ব্রেক ফেল করে মোটরসাইকেলে ধাক্কা দিলে পেছনে বসা ইফতেখারুল পড়ে গিয়ে মারা যায়।’
রাজশাহী নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ঘটনা জানার পর তাৎক্ষণিক ওই অটোরিকশার চালককে আটক করা হয়েছে। সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা হবে বলেও জানান তিনি।
সূত্র : ইউএনবি






