কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বরইতলী এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী সিএনজি। এতে সিএনজির ভেতরে থাকা যাত্রী মাদরাসার সহকারী অধ্যাপক আবদুল মন্নান(৩৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার(৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

স্হানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তিনি পেকুয়া উপজেলার উজানটিয়া এএস আলিম মাদরাসার সহকারী অধ্যাপক। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে। এ দিন তিনি তার অসুস্থ বোনকে দেখতে পেকুয়া কর্মস্হল থেকে স্ত্রী, সন্তানসহ নিয়ে চকরিয়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আবদুল মান্নানের স্ত্রী, এক শিশুসন্তান ও অটোরিকশার চালক আহত হয়েছেন। তাদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, তিনি এ রকম কোনো সংবাদ পাননি, তবে খোঁজ-খবর নিচ্ছেন।