নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২ মে) নোবিপ্রবি’র বিভিন্ন কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘বি’ ইউনিটের ২১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৯৭৭ জন, পরীক্ষায় উপস্থিতির হার ৯২ শতাংশ।

পরীক্ষা শুরু হলে নোবিপ্রবি’র ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় নোবিপ্রবি প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, নোবিপ্রবি জিএসটি ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার, টেকনিক্যাল কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো: আশিকুর রহমান খান, আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক ড. আবদুল কাইয়ুম মাসুদ, পরীক্ষা হলগুলোর ভিজিল্যান্স ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক এ এফ এম আরিফুর রহমান, পরীক্ষা পরিচালনা কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্যরা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ভিসি কার্যালয়ে আয়োজিত তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘গত পরীক্ষার মতো এবারো আমরা অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা রেখেছি। এ পর্যন্ত পরীক্ষাকে কেন্দ্র করে কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। আশা করি, শিক্ষার্থীরা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছে। আগামী ৯ মে শুক্রবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ নোয়াখালীর আরো চারটি কেন্দ্রে অনুষ্ঠিত

হবে। আমরা আজকের ও বিগত পরীক্ষায় যেভাবে নোয়াখালীবাসীর সহযোগিতা পেয়েছি, আশা করি আগামী ৯ মে’র পরীক্ষাতেও সর্বস্তরের লোকজন আমাদের পরীক্ষার্থীদের সহযোগিতা করবে।’

এ সময় তিনি আরো বলেন, ‘আশা করি, আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে পারব। আমি ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কমিটি ও উপ-কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে ধন্যবাদ জানাই।’