ফেনীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনতা।
আজ শনিবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফেনী উন্নয়নে সব দিক থেকে অবহেলিত। একটি বেসরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের পর তা বিগত সরকারের দালালদের দ্বারা জ্বালিয়ে দেয়া হয়েছে।
বক্তারা বলেন, ‘খালেদা জিয়ার জেলা’ বলেই ফেনীকে বঞ্চিত করা হচ্ছে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশে যে তিনটি চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণাধীন, তার একটি ফেনীতে স্থাপন করা উচিত। কারণ ফেনী এ অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত এবং যাতায়াত ব্যবস্থা ভালো। তাই আশপাশের জেলার লোকজনও সহজেই এখানে চিকিৎসা নিতে পারবে। ফেনীতে এই হাসপাতাল স্থাপনের মাধ্যমে অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতি ঘটবে এবং অনেক মানুষ উপকৃত হবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল আজিজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম-আহবায়ক এয়াকুব নবী, জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহিম, প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলনের সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, খেলাফত মজলিসের সভাপতি মোজাফফর আহমদ, এবি পার্টির সদস্য সচিব ফজলুল হক, ডিবিসি প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, ড্যাব ফেনীর সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলাল, এনডিএফ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, জাতীয় নাগরিক কমিটির সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক ও অ্যাডভোকেট মনসুর আবদুল্লাহ, স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগ, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, জেলা প্রাইভেট ডায়াগনস্টিক হাসপাতালের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হুমায়ুন, ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের ইমাম হাফেজ আবদুল্লাহ, দৈনিক ফেনীর সময় সাহিত্য সম্পাদক বকুল আকতার দরিয়া, স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গণি রাসেল প্রমুখ।



