নারায়ণগঞ্জ আদালতের বিচারকের স্বাক্ষর জাল করে ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরতের কাগজ তৈরির অভিযোগে এক আইনজীবীর সহকারীকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালত চত্ত্বর থেকে আটক করে কোর্ট পুলিশ।
আটক সিয়াম আহমেদ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, রূপগঞ্জ থানায় এক হত্যাচেষ্টা মামলায় মো: রুবেল ভূঁইয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানার পর রুবেল ভূঁইয়া সহকারী সিয়ামের কাছে গেলে তিনি নিজেই বিচারকের স্বাক্ষর জাল করে ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরতের নথি তৈরি করে রুবেলকে দেন।
এরপর রোববার রাতে রূপগঞ্জ থানা পুলিশ রুবেলকে গ্রেফতার করলে তার স্বজনরা ওই ভুয়া নথিপত্র দেখান। বিষয়টি সন্দেহজনক মনে হলে রূপগঞ্জ থানার ওসি নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো: কাইউম খানের মাধ্যমে অনুসন্ধান করেন। পরে তদন্তে নথিপত্র ভুয়া প্রমাণিত হয়।
কোর্ট পুলিশের পরিদর্শক মো: কাইউম খান বলেন, ‘এর আগেও আমাদের কাছে কয়েকজন আইনজীবী অভিযোগ করেছিলেন যে, বিচারকদের স্বাক্ষর জাল করে আদেশনামা ও পরোয়ানা ফেরতের কাগজ তৈরি করা হচ্ছে। রূপগঞ্জ থানার এ ঘটনাটি অনুসন্ধানে গিয়ে সিয়াম আহমেদের সংশ্লিষ্টতা পাই এবং তাকে জিজ্ঞাসাবাদে সে প্রাথমিকভাবে স্বীকার করে।’






