আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির তিনজন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে মনোনয়নপত্র নিলেও অনেকেই তা জমা দেবেন না এবং জমা দিলেও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে নেবেন বলে দাবি করছেন দলের নেতারা।
জানা যায়, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। প্রার্থী হওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। কিন্তু এ আসনে মনোনয়নপত্র নেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এ এ জেড আমিন খানের ছেলে উপজেলা বিএনপির সদস্য জিয়াদ আমিন খান।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘দল থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে সেটি চূড়ান্ত মনোনয়ন নয়। আমি দলের কাছে নানাভাবে আবেদন-নিবেদন করছি মনোনয়ন পেতে; তাই মনোনয়নপত্র নিয়েছি। দল থেকে শেষ পর্যন্ত চূড়ান্তভাবে যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করব।’
দল থেকে প্রার্থী ঘোষণার পরেও এক আসন থেকে একাধিক বিএনপির নেতার মনোনয়নপত্র নেয়া প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ‘মনোনয়নপত্র যে কেউ নিতে পারেন। অনেকে জমা দেবেন না, দিলেও প্রত্যাহার করে নেবেন। সবাই ধানের শীষের প্রার্থীর জন্য কাজ করবেন কাঁধে কাঁধ মিলিয়ে।’






