আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের প্রচারণা চলাকালে বিভিন্ন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের হেনস্তা ও হুমকি দেয়ার অভিযোগ করেছেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে বগুড়া শহরের নবাববাড়ী রোডে নির্বাচনী প্রচারণাকালে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

আবিদুর রহমান সোহেল বলেন, উপনির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিশেষ করে বিভিন্ন এলাকায় আমাদের মহিলা কর্মীদের হেনস্তা করা হচ্ছে এবং হুমকি দেয়া হচ্ছে। এসব ঘটনায় আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু আমাদের মনে হচ্ছে, রিটার্নিং অফিসারসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা কোনো অদৃশ্য শক্তির ইশারায় কাজ করছেন। তারা যথাযথ ভূমিকা পালন করছেন না।

এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমরা প্রশাসনের কাছে অবিলম্বে এসব বন্ধ করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বগুড়ার মানুষ পরিবর্তন চায়। এবারের নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে রায় দেবে বলে আমরা আশা করছি।