সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এসএমপি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি ও মেট্রো অধ্যাদেশে গ্রেফতার হওয়া আসামি রয়েছেন। অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে ৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। এর মধ্যে ৪৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং ৩১টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে মহানগরীতে এসএমপির অভিযান অব্যাহত থাকবে।’