মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২২ এপ্রিল) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার বেতকা চৌরাস্তা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান, পিপিএম।

গ্রেফতাররা হলেন উত্তর বেতকার মো: আসিফ বেপারী (২৫), উত্তর পাইকপাড়ার রিয়াদ হোসেন অন্ত (২৩), হাসকিরার মো: মেরাজ শেখ ওরফে মিরাজ (২৫) এবং উত্তর বেতকার শ্যামল খন্দকার (৪৫)।

ডিবি সূত্র জানায়, গ্রেফতার তিনজনের কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শ্যামল খন্দকারের নাম প্রকাশ করলে তাকে ধরতে বিশেষ কৌশল নেয় পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শ্যামলের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ক্রয়ের ফাঁদ পাতা হয়।

অভিযানে শ্যামল খন্দকারকে গ্রেফতার করা হলেও তার কাছ থেকে কোনো ইয়াবা উদ্ধার করা যায়নি। তবে তিনি এলাকায় চিহ্নিত মাদককারবারি হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ বিষয়ে অভিযান পরিচালনাকারী এসআই কামরুল হাসান বলেন, ‘শ্যামল একজন চিহ্নিত মাদককারবারি। তাকে গ্রেফতারের জন্য অন্য তিনজনের দেয়া তথ্যের ভিত্তিতে ফাঁদ পাতা হয়। যদিও তার কাছ থেকে ইয়াবা পাওয়া যায়নি, তবুও মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।