ফেনীতে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে ও পৌর সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, যুগ্ম-আহ্বায়ক খুরশিদ আলম ভূঁঞা, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত।

র‌্যালিতে সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, যুগ্ম-আহ্বায়ক তপন কর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিনসহ বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় মশিউর রহমান বিপ্লব বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী দিনে এ দেশে সরকার প্রতিষ্ঠিত হবে। এ সরকার প্রতিষ্ঠা করতে হলে মানুষের মন জয় করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার তাগিদ দিচ্ছেন আমাদের কোনো প্রকার আচারণে মানুষের যেন একটুও মনে কষ্ট না যায়। আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। আজ থেকে এক বছর আগে ঠিক আগের দিনও আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারিনি। কথা বলার জন্য ও অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছে আমাদের হাজার সন্তান। পঙ্গুত্ববরণ করছে লাখো সন্তান। গুম-খুন হয়েছে অগণিত। দীর্ঘ ১৭ বছর লড়াই করেছি। তার ধারাবাহিকতায় ৫ আগস্টের জন্ম হয়েছে।

দীর্ঘ ১৭ বছর যারা শহীদ হয়েছে সবার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ৪ আগস্ট ফেনীর মহিপালে যে গণহত্যা ঘটেছে তাদের প্রতি শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

বিপ্লব আরো বলেন, এখনো দেশে অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচন নিয়ে নাটক হচ্ছে বলে অনেকে মনে করছেন, কিন্তু আমরা তা বলতে চাই না। জুলাই সনদ ঘোষণার মাধ্যমে নির্বাচনেরও রোডম্যাপ ঘোষণা করতে হবে। মানুষের অধিকার হরণ করলে কিভাবে তা প্রতিহত করতে হয় সেটা বাংলার মানুষ ভালোভাবে জানে। সুতরাং মানুষের অধিকার নিয়ে কেউ খেলা করার চেষ্টা করবেন না।

এ ছাড়া সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ১৮টি ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরা বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন।