কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ জন শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরীক্ষার দিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে প্রবেশপত্র দেয়ার কথা থাকলেও বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা তালাবদ্ধ দেখতে পায়। ফলে প্রবেশপত্র না পেয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তারা।
ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, রেজিস্ট্রেশন ও ফরম পূরণের যাবতীয় ফি যথাসময়ে পরিশোধ করা হলেও প্রতিষ্ঠানটি তাদের ফরম বোর্ডে জমা দেয়নি। রহস্যজনক এই গাফিলতির জন্য শিক্ষার্থীরা জীবন থেকে একটি গুরুত্বপূর্ণ বছর হারাচ্ছেন।
ক্ষোভে শিক্ষার্থীরা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেন এবং পরে অভিভাবকদের সাথে মিলেই প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালান।
এ ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উখিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম বলেন, ‘১৩ জন শিক্ষার্থীর কেউই ফরম পূরণ করতে পারেনি। বিষয়টি তদন্তসাপেক্ষে সমাধানের চেষ্টা চলছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরী বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার মাত্র ৩০ মিনিট আগে আমাদের সাথে যোগাযোগ করে। পরে দেখা যায়, তাদের কেউই বোর্ডে ফরম পূরণ করেনি। এ ধরনের ছায়া-প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিপন্ন হচ্ছে।”
পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের অভিভাবক নুর আলম বলেন, ‘আমি সময়মতো টাকা দিয়েছি। বলা হয়েছিল সকালে প্রবেশপত্র দেবে। কিন্তু বিদ্যালয়ে গিয়ে দেখি তালাবদ্ধ। আমার মেয়ে শুধু কাঁদছে।’
ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। কয়েকজন মানসিক চাপে আত্মহত্যার হুমকিও দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।





