যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ইজিবাইক চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নওয়াপাড়া মডেল স্কুল রোড সংলগ্ন ইজিবাক স্ট্যান্ডের ভাড়া করা জায়গা থেকে মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা আড়াইটার সময় অভয়নগর থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
তবে কে বা কারা তাকে কখন বা কোথায় মারপিট করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এস এম নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ধারণা করা হচ্ছে ইজিবাইক চোর সন্দেহে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে লাশ ফেলে গেছে।
সোমবার ইজিবাইক চুরির ঘটনায় শরিফুল নামের এক চালক থানায় লিখিত অভিযোগ করেছিলো বলে জানিয়েছেন ওসি। তবে ঘটনাস্থলে কোন মারপিটের তথ্য স্থানীয়রা জানাতে পারেনি।
এদিকে একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, ইজিবাইক চোর সন্দেহে ওই যুবককে সকালে নওয়াপাড়া বৌ বাজার এলাকা থেকে ধরে স্থানীয়রা ধোপাদী গ্রামে নিয়ে যায়। সেখানে মারপিটের পর মুমুর্ষ অবস্থায় থানায় নেয়ার পথিমধ্যে মারা যায়। তারা দ্রুত লাশ ইজিবাইক স্ট্যান্ডের ফাঁকা স্থানে ফেলে পালিয়ে যায়।






