ফরিদপুরের সালথায় জাতীয় ওলামা আইম্মা মাশায়েখ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার মুরাটিয়া শহিদুল উলুম মাদরাসা মিলনায়তনে সম্মেলনটি শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

এতে সভাপতিত্ব করেন মাদারীপুরের রাজৈর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদীস মুফতী রেজাউল ইসলাম। সম্মেলনে বিশেষভাবে উপস্থিত ছিলেন ধামরাই জিয়াউল উলুম মাদরাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদীস মুফতী রেজাউল হক মুহাম্মদ আবদুল্লাহ, মুফতী আবু জাফর, ফরিদপুর-২ সংসদীয় আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত এমপি পদপ্রার্থী মাওলানা শাহ জালাল উদ্দিন, হাফেজ মোস্তফা কামাল, মাওলানা মিসবাহ উদ্দীন, মাওলানা নিজাম উদ্দীন, মাওলানা লিয়াকত আলী, মাওলানা নাজমুস সাদাতসহ ফরিদপুর ও সালথার প্রখ্যাত উলামায়ে কেরাম।

এ সময় মুফতী রেজাউল হক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, আল্লাহ তায়ালার বান্দা হিসেবে আমাদের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। খেলাফত ব্যবস্থায় রাষ্ট্র সমাজ ও ব্যক্তি জীবনের সকল সমস্যা ও সঙ্কটের সমাধান রয়েছে; রয়েছে শান্তি স্বস্তি নিরাপত্তা সমৃদ্ধি- এই বিষয়টা সাধারণ মানুষকে বোঝানো। সফলতা আল্লাহর হাতে।

তিনি বলেন, সালথা ও নগরকান্দা দেশের সর্বাধিক আলেম অধ্যুষিত এলাকা হিসেবে স্বীকৃত। কিন্তু নিজেদের মধ্যে বিভেদ ও অনৈক্যের কারণে সমাজে আমরা বিশেষ কোনো টেকসই অবদান রাখতে পারি না। বিগত সরকার পতনের পর সারা দেশের জনগণের মধ্যে ইসলামী শাসনব্যবস্থার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে, গণজাগরণ তৈরি হয়েছে। এমতাবস্থায় আগামী নির্বাচনে দলমতের ঊর্ধ্বে উঠে সালথা ও নগরকান্দার উলামায়ে কেরাম একতাবদ্ধ হয়ে একক প্রার্থী ঘোষণা করতে হবে। সকল ভেদাভেদ ভুলে সবাই মিলে চেষ্টা করলে ইনশাআল্লাহ বিজয় অবশ্যম্ভাবী।

সভাপতির বক্তব্যে মুফতী রেজাউল ইসলাম বলেন, সালথা নগরকান্দায় উলামায়ে কেরামের সংখ্যা বেশি হাওয়ায় মরহুম কাশিয়ানী হুজুর রহ: (গওহরডাঙ্গা মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আব্দুল মান্নান রহ:) তৎকালীন অবিভক্ত নগরকান্দাকে উলামাকান্দা নামকরণ করা উচিত বলে মন্তব্য করেছিলেন। আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ও রেষারেষি পরিত্যাগ করে আমরা একাতাবদ্ধ হয়ে ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। সহিহ নিয়তে একনিষ্ঠভাবে কাজ করলে আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ।

সম্মেলন শেষে মুফতী আবু জাফরকে সভাপতি এবং হাফেজ মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।