নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গোলটেবিল বৈঠক করেছে সেন্টার ফর পিচ অ্যান্ড রিসার্চ (সিপিআর)।

মঙ্গলবার (২২এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আইন অনুষদের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় এ কমিশনের প্রতিবেদন কোরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক দাবি করে তা বাতিল, নতুন সংস্কার কমিশন গঠনের দাবি জানান শিক্ষকরা।

বৈঠকে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ছ ম তরীকুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান।

এছাড়া ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, গ্রীন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবু বকর মো: জাকারিয়া, একই বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু সিনা ও আল কোরআন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষকরা বলেন, ‘নারী অধিকার সংস্কার কমিশন যে প্রস্তাব তৈরি করা হয়েছে, সেখানে অত্যন্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন ও ইসলামি পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যা দেয়া হয়েছে। এই ধরনের ইসলামবিদ্বেষী প্রস্তাব বাতিল করতে হবে।’

তারা বলেন, ‘এ কমিশনের সাথে জড়িত ব্যক্তিরা এ অঞ্চলের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে অজ্ঞ। তারা নারীর অধিকারের কথা বলে পাশ্চাত্যের প্রেসক্রিপশন এদেশে বাস্তবায়ন করতে চায়। এদেশে পাশ্চাত্যের চেপে দেয়া কোনো আদর্শকে প্রতিষ্ঠা হতে দেয়া হবে না।’