ফরিদপুরের ভাঙ্গায় আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কংগ্রেসে উপকারভোগী কৃষক-কৃষাণীরা অংশ নেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাস্তবায়নে এবং প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, ইন্ট্রপ্রেনরশিপ অ্যান্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ি ফরিদপুরের উপ-পরিচালক মো: বক্তব্য রাখেন মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো: শাহাদুজ্জামান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) রইচ উদ্দিন। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোল্লা আল-মামুন।
উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: ইকবাল হোসেনের তত্ত্বাবধানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টনার ফিল্ড স্কুলের উপকারভোগী শিক্ষার্থী কৃষক।
বক্তারা বলেন, ‘কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।’
বক্তারা আরো বলেন, ‘এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়।’






