আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি ফেনী জেলা শাখা।

সোমবার (২৮ এপ্রিল) বিকাল ৫টার দিকে শহরের ফেনী পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে কলেজ রোড, জেল রোড ও ট্রাংক রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে মিছিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) ও নোয়াখালী অঞ্চলের প্রধান মুনতাসির মাহমুদ।

এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তুহিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, সুজা উদ্দিন সজিব, অ্যাডভোকেট মনসুর আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের, সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম,আব্দুল আজিজ ও জাতীয় নাগরিক পার্টির সংগঠক আব্দুল কাদেরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মুনতাসির মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ আলেম-ওলামা হত্যাকারী, সেনাবাহিনী হত্যাকারী এবং ছাত্র-জনতার খুনি, গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন। তাই আওয়ামী লীগকে গণভোটের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। দল হিসেবে বিচার করতে হবে। আমরা অবশ্যই নির্বাচন চাই তবে তার আগে রাষ্ট্রের মৌলিক সংস্কারগুলো নিশ্চিত করতে হবে।’

মুনতাসির মাহমুদ বিএনপি এবং জামায়াতকে উদ্দেশে করে বলেন, ‘আমরা বিএনপির ডাকে এবং খালেদা জিয়ার মুক্তির জন্যও রাজপথে নেমেছিলাম। আল্লামা সাঈদীর জন্যেও নেমেছিলাম। বিএনপি-জামাত বা অন্য কেউ যাতে এখন ভারতীয় আগ্রাসনের পক্ষে কথা না বলে, ছাত্র-জনতার রক্তের সাথে বেঈমানি না করে।’

কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত বলেন, ‘ফেনীর মহিপালে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। বিশেষ করে নিজাম হাজারীসহ যারা মহিপালে ছাত্র হত্যায় জড়িত তাদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় ততদিন আমরা রাজপথ থেকে সরে যাবো না।’