চট্টগ্রামের মিরসরাইয়ের মেলখুম ট্রেইলের উপর থেকে পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরের দিকে উপজেলার সোনাপাহাড় এলাকায় মেলখুম ট্রেইলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গালিব (২২) এবং রিদয় (২২)। তারা দুইজন বন্ধু। এ ঘটনায় আহতরা হলেন মো: মিরাজ, রায়হান ও ফাহিম। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মিলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। তাদের সাথে যোগ দেন স্থানীয় আরো দু’জন। মঙ্গলবার রাত হয়ে যাওয়ার পর তারা না আসায় বুধবার সকালে গিয়ে তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: রাজু সিংহ বলেন, ‘আমাদের হাসপাতালে আহত অবস্থায় মিরাজ, রায়হান, ফাহিম নামে তিনজনকে আনা হয়েছে।’

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে বুধবার দুপুরে আড়াইটার দিকে গিয়ে ঘটনাস্থল থেকে গালিব এবং রিদয়ের লাশ উদ্ধার করি। আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’