জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে শহরের ব্রহ্মসমাজ সড়ক থেকে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে এ মিছিলটি বের করা হয়। এরপর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে পৌঁছে শেষ হয়।

মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ‘বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে। হাজার হাজার নেতাকর্মীর আত্মদানে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা জুলাই আন্দোলনে অংশ নেয়া ছাত্র-জনতার অবদানকে কখনোই খাটো করে দেখি না। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামীতে যাতে একটি নির্বাচিত সরকারের প্রতিষ্ঠা হয় সে লক্ষ্যে সকলকে একসাথে কাজ করতে হবে।’

এ সময় ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন, রুবেল হোসেন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর বিএনপির সদস্য নুরুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।