জামালপুর সদর উপজেলায় বৃদ্ধা মা মঞ্জিলা বেগম জিরাকে (৬৫) কুপিয়ে ও জবাই করে হত্যাকারী ছেলে মো: মঞ্জুরুলকে (৪০) ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নাওভাঙ্গাচরের দক্ষিণপাড়া গ্রামে বাবা তোতা মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জামালপুর পৌর শহরের হাটচন্দ্রা রেলঘুন্টি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

টাকার অভাবে বাড়ির উঠানের একটি গাছ বিক্রি করায় মা মঞ্জিলা বেগম জিরাকে (৬৫) কুপিয়ে ও জবাই করে ছেলে মঞ্জুরুল। মঙ্গলবার সকালে কাঠ ব্যবসায়ী শেখ ফরিদ গাছটি কাটতে এলে ছেলে মো :মঞ্জুরুল বৃদ্ধ মা মঞ্জিলা বেগম জিরাকে বটি-দা দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় গাছ কাটতে আসা কাঠ ব্যবসায়ী শেখ ফরিদকেও কুপিয়ে গুরুতর আহত করে মঞ্জুরুল। পরে স্থানীয়রা কাঠ ব্যবসায়ী শেখ ফরিদকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পরেই মঞ্জু পালিয়ে যান।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর আশেকীন জানান, ‘১৫ এপ্রিল সকালে বাড়ির পাশে গাছ বিক্রির দাম নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মা মঞ্জিলা বেগমকে কুপিয়ে হত্যা ও গাছ কাটতে আসা এক ব্যক্তিকে আহত করেন মঞ্জু। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় মঞ্জিলা বেগমের ছোট ছেলে জীবন একটি হত্যা মামলা করেন।’