নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ‘ফ্যাসিবাদের কোনো দোসর বিএনপি’র সদস্য হতে পারবে না। যারা গত ১৫ বছর ফ্যাসিবাদের সাথে মিলেমিশে আমাদের নেতাকর্মীদের নির্যাতন করেছে, ঘরবাড়ি ছাড়া রেখেছে, অসংখ্য মামলা দিয়ে জর্জরিত করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা বিএনপি’র সদস্য হতে পারবে না। এ সদস্য ফরম বিএনপি’র একজন কর্মী হিসেবে আমার কাছে অমূল্য এবং সম্মানের।’
রোববার (২৯ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘এক বছর হয়েছে ফ্যাসিবাদ বিতাড়িত করেছি কিন্তু আমাদের গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমরা ফ্যাসিবাদ বিতাড়িত করার পর নতুন এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি কিন্তু বলতে পারছি না। যতক্ষণ পর্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে না পারবো ততক্ষণ আমরা রাজপথের লড়াই চালিয়ে যাব।’
এদিকে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন এবং স্বাভাবিকভাবেও মৃত্যু হয়েছে তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিএনপির সদস্য পদ দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ও শরীফ আহমেদ টুটুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি মো: শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মো: রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভূঁইয়া, নাদিম হাসান মিঠু, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, বিএনপির নেতা ইমাম হোসেন বাদল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন খোকন ও সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মো: সোহেল রহমানসহ সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের বিএনপির সভাপতি এবং সম্পাদকরা।






