বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমির, কালিগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জামায়াত মনোনীত গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মো: খায়রুল হাসান বলেছেন, ‘জামায়াত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। যে সমাজে সকল ধর্মের লোকদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার নিশ্চিত করা হবে।’
রোববার (১২ জুন) বেলা ১১টার দিকে গাজীপুর সদর থানাধীন বাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে অ্যাকুয়া বিলাশ, কেশরিতায় অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বী ব্যক্তির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাড়িয়া ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো: মাসুম বিল্লাহর পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর সদর থানার নায়েবে আমির বাড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মাওলানা সফিকুল ইসলাম সফি, বাড়িয়া ইউনিয়ন জামায়াত আমির হাফেজ আব্দুর রশিদ, হিন্দু ধর্মাবলম্বী নেতা অপূর্ব চন্দ্র, আনন্দ চন্দ্র দাস, উত্তম দাস, শ্রী আশুতোষ চন্দ্র দাস জামায়াত নেতা মো: ওয়াকিল উদ্দিন, মো: জাকির হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ‘হিন্দুসহ অন্য ধর্মের উপাসনালয়, তাদের ইজ্জত-সম্মান ও সম্পদের ওপর কখনো ইসলামপন্থী তথা জামায়াত দ্বারা কখনো কোনো ক্ষতি হয়নি। বরং ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন সময় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির এবং বাড়িঘরের পাহারা দিয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় গেলে কেবলমাত্র সনাতন ধর্মাবলম্বী নয় বরং সকল ধর্ম, শ্রেণি পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।’






