কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। উপজেলার পৌরসদর ঈদগাহ মাঠে সকাল থেকে এ মেলা শুরু হয়।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর এ মেলা যৌথভাবে আয়োজন করে। আগামী ২৫ জুন বুধবার পর্যন্ত এ মেলা চলবে।
সোমবার (২৩ জুন) সকালে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বিল্লাল হোসেন এ মেলার উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষি কর্মকর্তা ড. সাদিকুর রহমান। এছাড়া পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া, কটিয়াদী ফেকামারা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, সাবেক পৌর কাউন্সিলর সিদ্দিক হোসেন রিপন, পৌর জামায়াতের আমির নাজমুল হক, সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী মেলায় ১১টি স্টলে নানা ধরনের ফলদ, ঔষধি, বনজ বৃক্ষের পাশাপাশি ফুল গাছের চারা প্রদর্শন করা হয়েছে। এসব গাছের চারা পছন্দ অনুযায়ী দর্শনার্থীদের মাঝে বিক্রিও করা হচ্ছে।
পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও বড় পরিসরে কৃষি মেলার আয়োজন করা হয়েছে। এবার ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে মেলায় উন্মুক্ত গাছ পরিচিতি কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে।
কুইজ প্রতিযোগিতায় স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ যে কোনো বয়সের লোকজনের অংশগ্রহণের সুযোগ রয়েছে। এতে এক জায়গায় নির্দিষ্ট করে রাখা ১২টি বিভিন্ন প্রজাতির গাছ দেখে অন্তত ১০টি গাছের নাম বলতে পারলেই একটি করে ফল গাছের চারা পুরষ্কার হিসেবে দেয়া হচ্ছে।






