‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার (২৮ জুলাই) থেকে রংপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এ উপলক্ষে উদ্বোধন করা হলো লোগো।
রোববার (২৭ জুলাই) বিকেলে ফুটবল টুর্নামেন্টকে উপলক্ষে রংপুর স্টেডিয়ামে লোগো উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। পরে তিনি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য তৌহিদুর রহমান, শেখ রেজোয়ান, ফারহান তানভীর ফাহিম, ক্রীড়া সংগঠক মঞ্জুর আহমেদ আজাদ, গণতান্ত্রিক ছাত্র সংসদের ইমতিয়াজ আহমেদ ইমতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ডিসি বলেন, জুলাই বিপ্লবের স্মৃতিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে এবং মাদক থেকে মুক্ত রাখতেই এই আয়োজন। আগামীকাল বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য খেলার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম।
জেলার আট উপজেলার আটটি দল খেলায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে বিকেল ৪টার দিকে রংপুর সদর উপজেলা দলের মুখোমুখি হবে কাউনিয়া উপজেলা দল।






