বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘বিএনপিতে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ ও স্বৈরাচারের দোসরদের জায়গা হবে না। যারা দোসরদের আশ্রয়-প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’
মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যশোর নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এর আগে স্থানীয় টাউনহল মাঠে সমবেত হন নেতাকর্মীরা। সেখানে অনিন্দ্য ইসলাম অমিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। এরপর বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি পালবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
পালবাড়ি মোড়ের সমাবেশে নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও বিএনপি নেতা গোলাম রেজা দুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






