জাতীয় পার্টি কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে গভীররাতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিপ্লবী জুলাই যোদ্ধা ছাত্র জনতা।
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টায় প্রেসক্লাবের সামনে থেকে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পায়রা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় মিছিলে সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সেনাবাহিনীর প্রকৃত চরিত্র এখন দেশবাসীর কাছে স্পষ্ট হয়ে উঠেছে। তারা ২৪-এর জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জ করেছে। ইন্টেরিম সরকার যাদের রক্তের বিনিময়ে ক্ষমতায় এসেছে, তাদের সাথেই বেঈমানি করছে।
বক্তারা বলেন, আবার জুলাই হবে- প্রয়োজনে ইন্টেরিম সরকারের বিরুদ্ধেই জুলাই হবে। এ সময় তারা আইন উপদেষ্টারও কঠোর সমালোচনা করেন।






