উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
বরিশালের ৫০ শয্যা বিশিষ্ট উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৫১ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) সকালে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসূতির সিজারের মাধ্যমে অপারেশন থিয়েটারটি চালু করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমরারের মতো নাজমা আক্তারের (২৬) সিজার করা হয়। তিনি এক ছেলে সন্তানের জন্ম দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শওকত আলীর তত্ত্বাবধানে অপারেশনের দায়িত্ব পালন করেন সিজারিয়ান সেকশনের প্রধান সার্জন ডা: শাহনাজ শিমুল ও ডা: তহুরা আক্তার, অবেদনবিদ হিসেবে ছিলেন ডা: এস এম মাসুম বিল্লাহ, শিশু বিশেষজ্ঞ ডা: অনামিকা ভট্টাচার্য।
নবজাতকের বাবা মো: জসিম উদ্দিন বলেন, ‘বিনামূল্যে হাসপাতালে আমার স্ত্রীর সিজার করা হয়েছে। স্ত্রী ও সন্তান সুস্থ আছে। ‘
উজিরপুর উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শওকত আলী বলেন, ‘১৯৭৪ সালে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পরে অপারেশন থিয়েটারে লোকবল ও পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে এ এলাকার লোকজনকে বরিশালে যেতে হয়েছে। এখন থেকে এই প্রতিষ্ঠানেই অপারেশন করা হবে।’
তিনি আরো বলেন, ‘প্রতিষ্ঠার এ দীর্ঘ সময় পরে সরকারের সহযোগিতায় আধুনিক যন্ত্রপাতিসহ অপারেশন থিয়েটার চালু করা হয়েছে।’



