মো: মফিদুল ইসলাম সরকার, পীরগাছা (রংপুর)
রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের বটতলা বাজারের সাথে কুকরাভাঙ্গা ব্রীজের দক্ষিণে সরকারি চাউল বহনকারী ট্রলি গাছের সাথে ধাক্কা লেগে চালক নয়ন মিয়া (৩৫) মারা গেছেন।
রোববার (২০ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত নয়ন মিয়া উপজেলার ইটাকুমারী ইউনিয়নের দামুরচালকা বড়ভিটা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
ট্রলির হেলপার মিলন বলেন, ‘পীরগাছা সরকারি খাদ্য গুদাম থেকে চালের বস্তা লোড করে কালিগঞ্জ অভিমুখে আমরা যাচ্ছিলাম। কুকড়া ভাঙ্গা ব্রিজের কাছে হঠাৎ তার ট্রলির এক্সেল ভেঙে গেলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় চালক নয়ন মিয়া গুরুতর আহত হলে, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।’
মিলন আরো বলেন, ‘নয়ন দুই গাছের চিপায় আটকে যায়।’
এদিকে নয়নের বড় ছেলে মো: কাওসার আলম বলেন, ‘আমি ক্লাস ফোরে পরছি। বড় হয়েই আমি আর্মি হতে চাই।’ ছোট ছেলের নাম মিলন।
সেনা সদস্য রাসিদুল ইসলাম বলেন, ‘আমরা যখন ব্রিজের ওপরে উঠেছি তখনই (তিনটার দিকে) এই ঘটনাটি ঘটেছে। আমিসহ দু’জন মহিলা নয়নকে রশি কেটে বের করেছি।’
ট্রলি দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ওসি (তদন্ত) মো: নাহিদ হাসান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’



