রাজবাড়ীর বালিয়াকান্দিতে তিন সন্তানের মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী মিঠু শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জুন) সকালে স্ত্রী মনিরা বেগমের লাশ উদ্ধার করা হয়। নিহত মনিরা বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মমিন শেখের মেয়ে।
নিহতের স্বজনদের তথ্যমতে, ২০০১ সালে মিঠু শেখের সাথে বিয়ে হয় মনিরা বেগমের। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল।
এছাড়া মিঠু শেখ পরকীয়ায় আসক্ত ছিলেন, যা তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়নের কারণ হয়ে ওঠে বলে অভিযোগ করেন স্বজনরা।
রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার জানান, ঘটনাস্থলে গিয়ে মনিরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার স্বামী মিঠু শেখকে আটক করা হয়েছে এবং মামলা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।






