ফরিদপুরের বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুন অর রশিদ।

গ্রেফতাররা হলেন- বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান হাই (৬৩), দাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য নাজিমুদ্দিন (৪০), রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (৪৫), রুপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরু শরীফ (৪২) ও একই উপজেলার রূপাপাত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টুটুল মিয়া (৩৮)।

মো: হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। পরদিন ফরিদপুর আদালতে পাঠানো হয়।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি জেলার আলফাডাঙ্গা থানায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এ মামলায় পাশের বোয়ালমারী উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলকেও আসামি করা হয়।

আরো জানা যায়, মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার আসামিদের মধ্যে অনেককেই গ্রেফতার করা হয়েছে। তবে মামলার শীর্ষ আসামিরা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।