বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী দ্বারা মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ বিক্ষোভ করেন তারা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে মিছিলটি শহরের পুরনো বাসস্ট্যান্ডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়।
পরে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিছিলটি স্থানীয় ট্রাফিক পয়েন্টে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচাঁন, আজিজুর রহমান সৌরভ প্রমুখ। এছাড়া জেলা ও বিভিন্ন উপজেলা যুবদলের তৃণমূলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সারাদেশের মতো সুনামগঞ্জ জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রাম করে জুলাইয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এখন একটি মহল দেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারসহ দেশে মব সৃষ্টি করে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেয়ার পাঁয়তারা করছেন। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে বর্তমান সরকারের কাছে দাবি রইলো।





