রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙ্গারি ব্যবসায়ী লাল চান ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের সখীপুরে ছাত্র-জনতা ও বিএনপি পৃথক বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে।
রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তালতলা চত্বরে বিক্ষোভ-সমাবেশ করে ছাত্র-জনতা।
এ সময় তালতলা চত্বর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট পর্যন্ত বিভিন্ন স্লোগান ধরে তারা মিছিল করে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদ জানায়।
পরে ছাত্র-জনতার মিছিল শেষে একই জায়গায় বিক্ষোভ-মিছিল করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন সখীপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আল আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা আবদুল লতিফসহ ছাত্র, আলেম ও স্থানীয় ব্যবসায়ীরা।
এছাড়া বিএনপির বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুসহ দলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতারা।
এ সময় বক্তারা সোহাগ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।






