ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টাযর দিকে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে এবং সম্প্রতি মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
একইসাথে গোপন একটি সংগঠনের মাধ্যমে সারাদেশে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানানো হয়।
ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির সম্মানিত সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মুশফিকুর রহমানের দিকনির্দেশনায় আয়োজিত এ বিক্ষোভ মিছিলে গফরগাঁও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এ কে এম আনসার উদ্দিন, সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির সাবেক সদস্য সেলিম আহমেদ, ময়মনসিংহ (দক্ষিণ) জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান সোহেল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফজলুল্লাহ আব্বাসী সুজন।
মিছিল শেষে দলীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য নানা ষড়যন্ত্র করা হচ্ছে, যা কোনোভাবেই দেশের গণতন্ত্র, স্বাধীন মত প্রকাশ এবং রাজনৈতিক ভারসাম্যের জন্য শুভ লক্ষণ নয়।
তারা আরো বলেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এসব ষড়যন্ত্রের জবাব শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই দেবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে তারা রাজপথে থেকে প্রস্তুত রয়েছে।






